বাংলার প্রেমে উইকি ২০২৫
বাংলার প্রেমে উইকি ২০২৫

বাংলার সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা 'বাংলার প্রেমে উইকি ২০২৫'

বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে প্রতিবছর আয়োজিত হয় উইকিমিডিয়ার আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ‘বাংলার প্রেমে উইকি’ (Wiki Loves Bangla)। ২০২৪ সালে প্রথমবারের মতো মাসব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ বছর প্রতিযোগিতা চলবে ১ থেকে ৩১ মার্চ পর্যন্ত।  বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ‘বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কার্যক্রমের’ অংশ হিসেবে প্রতিযোগিতাটি আয়োজন করছে ‘বাংলা উইকিমৈত্রী’। প্রতিবছর বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে এমন ভিন্ন-ভিন্ন বিষয়ের উপর এই প্রতিযোগিতা আয়োজিত হয়। এবাবের বিষয় 'বাংলার পাখি'। বঙ্গ অঞ্চলের পাখির ছবি জমা দিয়ে বিশ্বের যেকোনো স্থান থেকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। প্রতিযোগিতায় একজন একাধিক ছবি জমা দিতে পারবেন। আয়োজকদের মতে, বাংলার পাখির ছবি সংরক্ষণ ও প্রচার বঙ্গ অঞ্চলের জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিজিটাল মাধ্যমে আলোকচিত্র সংরক্ষণ কেবলমাত্র ইতিহাস ও সংস্কৃতি রক্ষার জন্য নয়, বরং ভবিষ্যৎ গবেষণা, শিক্ষা ও সচেতনতার ক্ষেত্রেও অত্যন্ত মূল্যবান। এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলার প্রকৃতি ও জীববৈচিত্র্যকে দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণ করা সম্ভব হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ হয়ে থাকবে।

প্রতিযোগিতা শেষে সেরা ১০০ আলোকচিত্র আন্তর্জাতিক জুরিদের কাছে পাঠানো হবে এবং সেরা ১০ আলোকচিত্র আন্তর্জাতিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারীকে ৫০ হাজার, ২য় স্থান অর্জনকারীকে ২৫ হাজার এবং ৩য় স্থান অর্জনকারীকে ১৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও শীর্ষ ১০ জন বিজয়ীদের জন্য থাকবে ক্রেস্ট এবং সনদপত্র। 

প্রতিযোগিতার আয়োজক 'বাংলা উইকিমৈত্রী' একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক যা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং বাংলাভাষী উইকিমিডিয়া সম্প্রদায়, সহযোগী ও অনানুষ্ঠানিক গোষ্ঠীগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে। ২০২৩ সালে মার্কিন অলাভজন প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় চ্যাপ্টার উইকিমিডিয়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের যৌথ উদ্যোগে এই উইকিমিডিয়া হাব প্রতিষ্ঠিত হয়।

প্রতিযোগিতা সম্পর্কে আরও জানতে ও অংশগ্রহণ করতে দেখুন: https://w.wiki/DERr

একুশে পদক প্রাপ্ত অভ্র দলের সাথে উইকিমিডিয়া বাংলাদেশের আড্ডা
ছবি: সৈয়দ মূসা রেজা

একুশে পদক প্রাপ্ত অভ্র দলের সাথে উইকিমিডিয়া বাংলাদেশের আড্ডা

২১ ফেব্রুয়ারি ২০২৫, ঢাকা।

বাংলা সফটওয়্যারে যুগান্তকারী অবদানের জন্য অভ্র টিম ২০২৫ সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে একুশে পদক লাভ করেছে। উইকিমিডিয়া বাংলাদেশ তাদের এই অসাধারণ স্বীকৃতির জন্য আন্তরিক শুভেচ্ছা জানায় এবং এ উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে। এতে অভ্র কি-বোর্ডের নির্মাতা মেহদী হাসান খান এবং তার তিন সহযোগী—রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন একুশে পদক বিজয়ী আলোকচিত্রী ও লেখক নাসির আলী মামুন। উল্লেখ্য, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা বর্তমানে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং শাবাব মুস্তাফা সংগঠনটির সভাপতি হিসেবেও নেতৃত্ব দিচ্ছেন। 

অভ্র দল, যারা ওমিক্রনল্যাবের মাধ্যমে অভ্র-কিবোর্ডের উন্নয়ন মাধ্যমে বাংলা ভাষার ডিজিটাল অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাদের এই অর্জন বাংলা প্রযুক্তিপ্রেমীদের জন্য গর্বের বিষয়। সভায় উইকিমিডিয়া বাংলাদেশের সদস্যরা, প্রযুক্তিপ্রেমী, এবং উইকিমিডিয়ানরা উপস্থিত ছিলেন। তারা অভ্র দলের যুগান্তকারী অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলা কম্পিউটিংয়ের ভবিষ্যৎ উন্নয়ন ও প্রযুক্তির প্রসারে অভ্র টিমের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

উইকিমিডিয়া বাংলাদেশ সর্বদা বাংলা ভাষা ও প্রযুক্তির প্রসারে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও বাংলা প্রযুক্তির উন্নয়নে নিবেদিত সকল উদ্ভাবকদের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছে।

বিস্তারিত: https://bd.wikimedia.org/s/47h

বাংলা উইকিপিডিয়া সম্পাদনাসভা, জুন ২০২২

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে আগামী ১৭ই জুন, ২০২২ তারিখ, রোজ শুক্রবার, ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে একটি দিনব্যাপী অফলাইন এডিটাথন /সম্পাদনাসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই এডিটাথনে নির্বাচিত অংশগ্রহণকারীগণ সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে একসাথে লিখবেন উইকিপিডিয়ায়, সমৃদ্ধ করবেন মাতৃভাষার উইকিপিডিয়া। একইসাথে উইকিপিডিয়ানগণ বাংলা উইকিপিডিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সামনাসামনি মত বিনিময় করবেন।

উল্লেখ্য, সকলের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে এডিটাথনে আসন সীমিত রাখতে হয়েছে। তাই আগ্রহীদের নিবন্ধনের ফর্ম পূরণ করার অনুরোধ জানানো হচ্ছে। আগামী ১৪ই জুন রাত ১১টা ৫৯ মিনিটের পূর্বে (বাংলাদেশ সময়) ফর্মটি পূরণ করতে হবে। আমরা ১৫ই জুন নির্বাচিতদের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা হবে।

* নিবন্ধনের লিঙ্ক: https://forms.gle/J1n2nbpikJ3heS5L7
* বিস্তারিত: https://bd.wikimedia.org/s/22u

চট্টগ্রাম উইকিপিডিয়া আড্ডা, জুন ২০২২

দীর্ঘদিন পর চট্টগ্রাম উইকিপিডিয়া সম্প্রদায়ের আয়োজনে চট্টগ্রামে উইকিপিডিয়া আড্ডা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃষ্টির কথা মাথায় রেখে এইবারের আড্ডাটি উন্মুক্ত স্থানের পরিবর্তে চট্টগ্রাম শহরের খুলশী এলাকায় অবস্থিত কনকর্ড খুলশী টাউন সেন্টারের চতুর্থ তলায় অয়োজন করা হচ্ছে।

উল্লেখ্য যে, উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত উইকিপিডিয়ানদের এই মিটআপটি সকলের জন্য উন্মুক্ত। এই আড্ডাটিসহ উইকিপিডিয়ার কোন আড্ডাই আনুষ্ঠানিক কোন সভা নয়। বন্ধুদের সাথে বসে যেভাবে আড্ডা দেয়া হয়, এটি তেমনি একটি আড্ডা।
 
আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংকে: https://bd.wikimedia.org/s/22m

ঢাকা উইকিপিডিয়া মিটআপ, মে ২০২২

দীর্ঘদিন পর উইকিমিডিয়া বাংলাদেশ পুনরায় অফলাইন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে ঢাকায় আগামী শুক্রবার ২৭ মে বরাবরের মত পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনের সামনের চত্বরে উইকিপিডিয়ানদের এই আড্ডা অনুষ্ঠিত হবে।
 
উল্লেখ্য যে, উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত উইকিপিডিয়ানদের এই মিটআপটি সকলের জন্য উন্মুক্ত। এই আড্ডাটিসহ উইকিপিডিয়ার কোন আড্ডাই আনুষ্ঠানিক কোন সভা নয়। বন্ধুদের সাথে বসে যেভাবে আড্ডা দেয়া হয়, এটি তেমনি একটি আড্ডা।
 
আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংকে: https://bd.wikimedia.org/s/22h

বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা - ২০২২

‘আসুন আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু’ স্লোগানে উন্মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে নিবন্ধ প্রতিযোগিতা। চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

যে কেউ নির্দিষ্ট তালিকা থেকে নিবন্ধের মানোন্নয়ন করার মাধ্যমে এ প্রতিযোগিতার অংশ নিতে পারবেন। নিবন্ধের মানোন্নয়নের জন্য প্রথমে বাংলা উইকিপিডিয়ায় (https://bn.wikipedia.org) একটি অ্যাকাউন্ট তৈরি করে লগ-ইন করতে হবে। এরপর প্রতিযোগিতা পাতার ‘অংশগ্রহণকারী’ অনুচ্ছেদে ব্যবহারকারী নাম যুক্ত করে প্রদত্ত তালিকা থেকে যেকোনো নিবন্ধ বেছে নিয়ে অনুবাদ করে সম্পূর্ণ করতে হবে। প্রতিযোগিতায় একটি নিবন্ধ অনুবাদ করা হলেই তাকে ডিজিটাল সনদপত্র প্রদান করা হবে। এছাড়া ৫টি নিবন্ধ সম্পূর্ণ করা হলে ৫০০ টাকার গিফট ভাউচার ও সনদপত্রসহ প্রথম দশজনকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। সর্বোচ্চ সংখ্যক নিবন্ধের মানোন্নয়নকারীর জন্য রয়েছে ৫০০০ টাকার গিফট ভাউচার ও সনদপত্র।

উইকিমিডিয়া বাংলাদেশ ২০১৫ সাল থেকেই বার্ষিক এ প্রতিযোগিতাটি আয়োজন করে আসছে। ২০২১ সালে আয়োজিত প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক নিবন্ধের মানোন্নয়ন করা হয়েছিল।

বার্ষিক এই প্রতিযোগিতায় বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধের সংখ্যার চেয়ে মান বাড়ানোর প্রতি গুরুত্ব দেওয়া হয়। প্রতিবারই এ প্রতিযোগিতার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক মানসম্মত নিবন্ধ তৈরি হয় বাংলা উইকিপিডিয়ায়। প্রতিযোগিতার ব্যাপারে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়: https://bn.wikipedia.org/s/kume। 

Business Hours

We are open on everyday. We prefer to communicate via online.

Contact online

Our Office Location

S-179 (7th floor), Mukto Bangla Shopping Complex, Mirpur-1, Dhaka-1216, Bangladesh

Location on map

 Home map WMBD